২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকা চাওয়ায় দেবরকে গলা টিপে হত্যা’

হবিগঞ্জের মাধবপুরে শিশু ইসমাইলকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার ভাবি। 

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 03:13 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

মঙ্গলবার শাপলা বেগম হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার একটি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

শনিবার সকালে মাধবপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের রজব আলীর ছেলে ইসমাইল (৫) নিখোঁজ হয়। সোমবার দুপুরে তাদের ঘরের ভেতরেই ইসমাইলের লাশ পাওয়া য়ায়।

ওই ঘটনায় ইসমাইলের বাবা রজব আলী থানায় সাধারণ ডায়েরি করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকেসহ ইসমাইলের মা রহিমা বেগম, ভাই জুয়েল ও জুয়েলের স্ত্রী শাপলাকে আটক করে পুলিশ।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে শাপলা বেগম দেবর ইসমাইলকে হত্যার কথা স্বীকার করেছেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসমাইল প্রায়ই ভাবি শাপলার কাছে টাকা চাইত। শনিবার সকালে ইসমাইলকে ২০ টাকা দেন শাপলা। এর কিছুক্ষণ পর আবার টাকা চাইলে শাপলা দিতে অস্বীকৃতি জানান।

“টাকা না পেয়ে ইসমাইল ভাবিকে গালাগাল দেয়। এতে  শাপলা ক্ষেপে গিয়ে ইসমাইলের গলা চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

শাপলার বরাত দিয়ে তিনি আরও বলেন, এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শাপলা লাশ বাড়ির ভেতর ধানের গোলার নিচে ফাঁকা জায়গায় লুকিয়ে রাখেন।

ওইদিন রাতেই ইসমাইলের বাবা মাধবপুর থানায় জিডি করেন বলে জানান তিনি।

দুদিন পর বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে তল্লাশি চালিয়ে পুলিশ ইসমাইলের লাশ উদ্ধার করে।

পুরনো খবর:

সন্তান হত্যার অভিযোগে আটক বাবা-মা