২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনুর বিচার দাবি উপজেলায় উপজেলায়

কুমিল্লার কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে উপজেলা পর্যায়েও। মানববন্ধন, মিছিল, বিক্ষোভ ও সমাবেশ চলছে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে। ঘোষণা করা হচ্ছে নতুন নতুন কর্মসূচি। তনুর বাড়ি কুমিল্লায় হয়েছে ‘তনু মঞ্চ’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 12:15 AM

Updated : 11 Oct 2022, 08:01 PM

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গত ২০ মার্চ সেনানিবাস এলাকায় ‘ধর্ষণের’ পর হত্যা করা হয়।

আলোচিত এই হত্যাকাণ্ডের এক সপ্তাহেও কোনো সুরাহা না হওয়ার প্রেক্ষাপটে তনুর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশে দিয়েছে কুমিল্লার আদালত।

কুমিল্লা প্রতিনিধি জানান, সোমবার কুমিল্লার লাকসাম, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ লোকজন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ফারহানা আহমেদ ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার মঞ্চকে ‘তনু মঞ্চ’ ঘোষণা করে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেছেন।

“মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস থিয়েটার কক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হবে। পরে তনু মঞ্চে হবে প্রতিবাদ সভা।”

নোয়াখালী প্রতিনিধি জানান, তনু হত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

দিনাজপুর প্রতিনিধি জানান, সোমবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লীশ্রীর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রায় ২০০ নারী প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধন চলাকালে নৃশংস ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব শাহজাহান শাহ, নাট্যকর্মী তারেকুজ্জামান তারেক, সমাজকর্মী লায়লা চৌধুরী, আইনজীবী আতাউর রহমান, শিক্ষক রাজিউর রহমান ডাবলু, পল্লীশ্রীর প্রতিনিধি সুরাইয়া আকতার ও সৈয়দ মোস্তফা কামাল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত নগরীর বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খেলাঘর জেলার সভাপতি রথিন চক্রবর্তী, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সংগঠক জেসমিন আক্তার, ছাত্রফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, দপ্তর সম্পাদক পলাশ কুণ্ডু রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক মুন্নী সর্দার প্রমুখ।

একই দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রছাত্রীরা। সোমবার বেলা ১১টায় কদমতলীর তরুণ ছাত্রসংঘের ব্যানারে ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি কদমতলী পুল থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে শেষ হয়।

এদিকে সোমবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আ. হাই শরীফ।

এ সময় বক্তব্য দেন সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের শহর কমিটির নেত্রী শাহানারা বেগম, সিপিবি নারায়ণগঞ্জ জেলা নারী সেল সম্পাদক শোভা সাহা, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন, সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, সিপিবি শহর কমিটির সদস্য মৈত্রী ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।