রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের উখিয়ায় অনিবন্ধিত এক রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
কুতুপালং শিবিরের ই-২ ব্লকের বসিন্দা আবুল বাসেত (৪০) রোহিঙ্গাদের জন্য প্রতিষ্ঠিত উখিয়ায় একটি হাসপাতালে সোমবার সকালে মারা যান।
উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিবন্ধিত শিবিরের রোহিঙ্গারা শিবির ব্যবস্থাপনার জন্য নিজেরাই কমিটি গঠন করে সালিশ-বিচারসহ বিভিন্ন বিষয় দেখভাল করে।
“রোববার রাতে কুতুপালং শিবিরে নতুন কমিটি গঠনের সময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আহতদের হল্যান্ডের একটি বেসরকারি সংস্থা পরিচালিত রোহিঙ্গা শিবিরের হাসপাতালে ভর্তি করার পর সোমবার সকালে বাসেতের মৃত্যু হয়।”
ওসি বলেন, ওই শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিবুল ইসলাম রাকিব এবং আবু ছিদ্দিকের মধ্যে বিরোধ ছিল। ছিদ্দিক আগের কমিটির সভাপতি ছিলেন।
তাদের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
