লাঙ্গলবন্দে চলছে স্নানোৎসবের প্রস্তুতি, কাটেনি আতঙ্ক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নান আয়োজনের প্রস্তুতি চলছে। বছর কেটে গেলেও স্নানোৎসবে পদদলতি হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে পুণ্যার্থীদের মধ্যে।
গত বছর ২৭ মার্চ স্নানের দিন বেইলি সেতু ভেঙে পড়ার গুজব ছড়িয়ে পড়লে অপ্রশস্ত রাস্তায় হুড়োহুড়িতে পদদলিত হয়ে সাত নারীসহ ১০ জন পুণ্যার্থী নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন।
প্রতি বছর চৈত্রমাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে লাঙ্গলবন্দে এ পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। পঞ্জিকা অনুসারে এ বছর ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে এ স্নানোৎসব। প্রতি বছর এখানে ১৫ লাখের বেশি পুণ্যার্থী আসেন পাপ মোচনের এ স্নানে অংশ নিতে।
ঘাট ও আশপাশের সড়ক কিছুটা প্রশস্ত হলেও সেতুর দুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় আতঙ্ক এখনও কাটেনি বলে জানিয়েছে স্থানীয়রা।
তবে আয়োজকরা বলছেন, গত বছরের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পদদলনের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘাট সংলগ্ন এলাকায় বেশ কিছু উন্নয়ন কাজ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা বলেন, সুপারিশ অনুযায়ী লাঙ্গলবন্দের সড়ক প্রশস্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুটি বেইলি সেতু অপসারণ করে সেখানে আরসিসি ঢালাই দিয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে ২০১৭ সাল নাগাদ সেতু দুটির নির্মাণ কাজ শেষ হবে।
সেতু নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান মাসুদ কন্সট্রাকশনের প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, যে বেইলি সেতু ভেঙে পড়ার গুজুবে হুড়োহুড়িতে ১০ পুণ্যার্থীর মুত্যু হয়েছে সেই সেতুটি অপসারণ করে নতুন করে আরসিসি সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।
“এরই মধ্যে সেতুতে গার্ডার লাগানো হয়েছে। তবে ছাদ ঢালাই বাকি রয়েছে।”
আগামী ১০ এপ্রিলের মধ্যে ছাদের কাজ শেষ করা যাবে বলে জানান তিনি।
এদিকে সরেজমিরে গিয়ে দেখা গেছে অন্য সেতুটির পাইলিং কাজ এখনও শুরু হয়নি। স্নানোৎসবকে সামনে রেখে নদ থেকে ভেকুর সাহায্যে মাটি কেটে তীরে রাখা হচ্ছে। ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।
তবে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় আবারও দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্নানোৎসবকে সামনে রেখে সড়কের দুপাশে দোকানপাট বসতে দেওয়া যাবে না। ফুটপাতে ভিখারিরা বসেও হাঁটাচলার রাস্তা দখল করে রাখে। ফলে পথ সংকীর্ণ হয়ে ভিড় সৃষ্টি হয়।”
স্থানীয় বাবুল মিয়া বলেন, গত বছরের দুর্ঘটনার পর রাস্তাঘাট প্রশস্থ করা হয়েছে। তবে ঘাটগুলোতে বালুর বস্তা ফেলে নদের গভীরতা কমানো প্রয়োজন। এছাড়া ঘাটগুলোর সংস্কার না হলে পুণ্যার্থীদের ভোগান্তি হবে।
পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক মো.আনিছুর রহমান মিঞা বলেন, অষ্টমী স্নান উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি দুই ধরণের। একটি আগামী স্নানোৎসবকে কেন্দ্র করে এবং আরেকটি দীর্ঘ মেয়াদী।
“গত বছরের দুঃখজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া রাস্তা থেকে ঘাটমুখী অবৈধ স্থাপনাগুলো অপসারণও করা হয়েছে।”
নির্মাণাধীন দুটি সেতুর মধ্যে বেইলি সেতুর স্লিপার দিয়ে পুণ্যার্থীদের পায়ে হাঁটার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
স্নানের তিথি রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। পুণ্যার্থীদের ভয়ের কোনো কারণ নেই বলে জানান উদযাপন কমিটির সভাপতি।
