২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এক বাড়ির মালিকসহ চারজনের বিরুদ্ধে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 01:12 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার ওই নারী (৩০) বাদী হয়ে চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন বলে এসআই মো. শামীম জানান।

আসামিরা হলেন আমজাদ পাঠান (৫০), মো. শাহীন (৪০), মো. ফজলু (৪৫) ও মো. জাহিদ (৬০)। তারা সবাই কোনাবাড়ি এলাকার বাসিন্দা।

এসআই শামীম মামলার এজাহারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই নারী তার স্বামীর সঙ্গে প্রায় এক মাস আগে চাকরির খোঁজে গাজীপুর এসে কোনাবাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস ও চাকরি খুঁজছিলেন।

“গত ১৯ মার্চ রাত ১১টার দিকে চার আসামি স্বামীর অনুপস্থিতিতে ওই নারীর ঘরে ঢুকে তাদের বিয়ের কাগজপত্র দেখতে চায়। কাগজপত্র ঢাকায় তার ভাইয়ের কাছে আছে জানালে আসামিরা তাকে মারধর করে এবং গলা থেকে সোনার চেইন, কানের দুল ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেয়। পরে তারা তাকে অন্য একটি ঘরে নিয়ে আটকে রাখে।”

পরে তার স্বামী ও ভাই এর প্রতিবাদ করলে তাদের মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখে এবং ওই নারীকে জোর করে আরেক বাড়ি নিয়ে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে এসআই শামীম বলেন, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।