২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাক্ষী দেওয়ায়’ শিশুছাত্রীকে ছুরি মেরে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মারামারি ঘটনায় সাক্ষী দেওয়ায়’ পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ছুরি মেরে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 12:47 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শুক্রবারের এ ঘটনায় গুরুতর জখম শ্রাবন্তী খাতুনকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় শুক্রবার রাতে রাব্বি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২০-২৫ দিন আগে শিমরাইল এলাকার মোহাম্মদ আলী (৩৫) ও আলিম উদ্দিনের নাতি আবুবক্কর সিদ্দিকের মধ্যে মারামারি বাধে।

“এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল শ্রাবন্তী। সে মুরব্বিদের কাছে মোহাম্মদ আলী গংদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী, মজিবুর কসাই, রবিউল ও অজ্ঞাত পাঁচ-ছয়জন ধারালো অস্ত্র দিয়ে শ্রাবন্তীর পেট, হাত, পা  ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।”

গুরুতর আহতাবস্থায় তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয় বলে জানান রাব্বি।

শ্রাবন্তী তার পরিবারের সাথে শিমরাইল এলাকায় আলিম উদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থেকে শিমরাইল মাদ্রাসায় পড়াশোনা করে। শুক্রবার ভোরে মাদ্রাসায় যাওয়ার পথে শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের পিছনের সড়কে দুর্বৃত্তরা তাকে জখম করে।

পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে ওসি সরাফত উল্লাহ জানিয়েছেন।