কাঁচপুরে সিনহা টেক্সটাইলে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা টেক্সটাইলে অগ্নিকাণ্ডে বিপুল মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের উপর মালিকপক্ষের লোকজন চড়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, দুপুর সোয়া একটার দিকে সিনহা গার্মেন্টসের টেক্সটাইল সেকশনের রোপ উইভিংয়ে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা কারখানার বিভিন্ন ফটকে তালা দিয়ে দিলে অনেকে ভেতরে আটকা পড়ে।
ডেমরা, হাজীগঞ্জ ও ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তরের মোট আটটি ইউনিট দেড়ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সংগ্রহকারী গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থল কারখানার মূল ফটকে গেলে মালিকপক্ষের লোকজন প্রথমে তাদের বাধা দেয় এবং পরে তাদের উপর চড়াও হয়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দুই ঘণ্টা পর তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসকর্মী মাসুদ জানান, “কারখানার বিভিন্ন গেইটে তালাবন্ধ করে রাখায় আমাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এছাড়া প্রয়োজনে কারখানার বাইরে আমাদের পাম্পের লোকজনকে নির্দেশনা দিতেও পারছিলাম না।”
আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, শুক্রবার কারখানা বন্ধ ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিনহা গার্মেন্টসের প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, আগুনে কারখানার বিপুল পরিমাণ সুতা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।
সাংবাদিকদের প্রবেশে বাধা ও তাদের উপর চড়াও হওয়ার বিষয়ে তিনি বলেন, “আসলে এই ধরণের কোনো নির্দেশনা আমাদের ছিল না। ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দীনমনি বলেন, আগুনের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, তথ্য সংগ্রহে সাংবাদিকদের হয়রানি ও চড়াও হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সব জায়গায় যেতে হয়। তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা হামলা করা দুঃখজনক।
“আমরা এই ঘটনায় তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাই এবং জড়িতদের শাস্তি দাবি করছি।”
