২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আ. লীগ বিদ্রোহীর নির্বাচনী অফিসে হামলা, আহত ২

দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর তিনটি নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। ওই সময় দুইজন আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 03:04 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান বাবলুর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ দলের বিদ্রোহী প্রার্থী মনিরাম রায়ের।

হামলায় আহত সুব্রত রায় (৪৫) ও রুবেল (৩৮) নামের তার দুই সমর্থককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

আগামী ৩১ মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনিরাম বলেন, “রাতে বাবলু তার দলবল নিয়ে মুটনিহাট, শ্মশান ঘাট ও তেলেঙ্গী পাড়ায় আমার তিনটি নির্বাচনী অফিসে চেয়ার-টেবিল ভাংচুর করেছেন। পরে আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়।”

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান বলেন, “এ হামলার ঘটনায় আমার দলের লোকজন জড়িত নয়। বরং মনিরামের লোকজনই প্রথমে আমার লোকদের মারধর করেছে।”

শুক্রবার বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে বীরগঞ্জ সার্কেলের সহকারী  পুলিশ সুপার সুজন সরকার বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নাশকতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কাহারোল থানার ওসি মনসুর রহমান জানান।