২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহতের মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 03:29 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. শাহজাহানের (৪৬) মৃত্যু হয় বলে দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন।

নিহত শাহজাহান দশমিনার আদমপুর গ্রামের প্রয়াত আব্দুল ওয়াহেদের ছেলে।

তিনি বহরমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান।

অপরদিকে, আওয়ামী লীগ প্রার্থী নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী বলে দাবি করলেও কোন পদে আছেন তা বলতে পারেননি।

ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি নির্বাচনের আগেরদিন সোমবার রাতে হামলায় আহত হন শাহজাহান।

“ওই সময় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

বিএনপি নেতা সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে আদমপুর বাজারে তিনি ও শাহজাহানসহ কয়েকজন কর্মী কথা বলছিলেন।

এক পর্যায়ে আওয়ামী লীগ প্রার্থী মো. আনোয়ার হোসেন তার দলবল নিয়ে আমাদের ওপর হামলা করেন। এতে শাহজাহানসহ অন্তত ১০ জন আহত হন।”

পরে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় শাহজাহানসহ তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

এদিকে, নিহত শাহজাহানকে নিজেদের কর্মী বলে দাবি করে আনোয়ার হোসেন বলেন, তিনি কোনো হামলা করেননি। বরং তাদের উপরই হামলা করেছে প্রতিপেক্ষের লোকজন।

তবে নিহত শাহজাহান দলের কোন পদে ছিলেন তা জানাতে পারেননি আনোয়ার।