২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জমিতে মাটি কাটছে ‘ভূমিদস্যু’, ঝুঁকিতে রেললাইন

গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 12:00 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

এতে জয়দেবপুর-রাজশাহী রেল রুট ঝুঁকিতে পড়েছে।

এ ঘটনায় রাজধানীর কমলাপুর রেলওয়ে থানায় মামলা করেছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানালেও তাৎক্ষণিকভাবে আসামির নাম পরিচয় জানা যায়নি।  

এ ব্যাপারে স্থানীয়দের সঙ্গে কথা বলে কয়েকজনের নাম জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী সুলতান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলীর মো. হাসেম মিয়ার ছেলে মো. সোহেল রানা ও শহীদ মিয়ার ছেলে শাহাদত হোসেন দলবল নিয়ে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেলরুটে উপজেলার ভোঙ্গাবাড়ী এলাকায় রেল লাইনের পাশের রেলওয়ের  জমি জবর দখল করেছেন।  

“এখন রেলের এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে ওই ভূমিদস্যুরা গত এক সপ্তাহ ধরে ভোঙ্গাবাড়ী রেলওয়ে ব্রিজ ও রেল লাইনের পাশের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে ভর্তি করে কয়েকটি কল-কারখানাসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করছেন।”

এর ফলে আসন্ন বর্ষা মৌসুমে পাশের মাটি সরে গেলে রেল লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এলাকার মোতালেব, শ্রী নিবাস, সাহিদ মিয়াসহ কয়েকজনের কাছ থেকে প্রতি ট্রাক মাটি ৮শ টাকা করে ক্রয় করেছি।

“ওরা যেখান থেকে মাটি বিক্রি করছে তা রেলের জমির কি না তা আমি জানি না।”

শ্রী নিবাস বলেন, “মকবুল ইসলাম নামের এক ব্যক্তি তার জমি থেকে আমাদের কাছে মাটি বিক্রি করছেন। তবে কোনটি তার জমি এবং কোনটি রেলের জমি এমন কোনো সীমানা সেখানে নেই।”

রেলওয়ে পাকশি বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (জয়দেবপুর) মো. আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল লাইনের পাশে মালিকানা জোত জমিও রয়েছে। জোত জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় তারা চুরি করে রেলওয়ের জমির মাটিও কেটে নিচ্ছে।

“এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।  প্রয়োজনে আবার মামলা করা হবে।”