২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে তিন খুনের আসামির ঘরে আগুন

নোয়াখালীতে তিন খুন মামলার এক আসামির বাড়িঘরে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঠেকানোর চেষ্টা করেছে ‘ক্ষুব্ধ জনতা’।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 01:42 AM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বুধবার রাতের এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনন্তপুর গ্রামের কুদরত উল্লার দুটি ঘর ও তার আত্মীয় বাবুলের একটি টিনের ঘর আসবাবপত্রসহ পুড়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে ক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে।

“পরে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে যেতে সক্ষম হয় তারা। এর আগেই কুদরত উল্লার দোকানে থাকা দুটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা।”

বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক জানান, কথা কাটাকাটির জেরে সোমবার রাতে পুরাতন কলেজ এলাকায় রাজিব, ওয়াসিম ও ইয়াসিন নামে তিন বন্ধুকে গুলি করে কুদরত উল্লার ছেলে সাজু।

“গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে ওয়াসিমের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে মারা যান ইয়াসিন।”

এ ব্যাপারে নিহত রাজিবের মা শামছুন্নাহার বাদী হয়ে সাজু, তার বাবা কুদরত উল্লা, দুই বোন মুন্নি ও ফারজানাসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।

সাজুর দুই বোন মুন্নি ও ফারজানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।