দুর্গাপুর সীমান্তের ওপারে বাংলাদেশির লাশ
লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের ওপারে বিএসএফ এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে বলে বিজিবি জানিয়েছে।
বুধবার সকালে দুর্গাপুর বিওপির সীমান্ত পিলার ৯২৫/৬-এস থেকে ভারতের ১০ গজ ভিতরে অমল বর্মণের (৩৬) লাশ পাওয়া যায়।
অমল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের গাউচুলকা গ্রামের মৃত যতিন্দ্র বর্মনের ছেলে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলারের ওপারে ভারতের আনুমানিক ১০ গজ ভিতরে অমল বর্মণের লাশ পাওয়া যায়।
এ নিয়ে দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে জানিয়ে বজলুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভারতের দিনহাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে লাশ বাংলাদেশে হস্তান্তর করা হবে।
অমলের স্ত্রী স্বপনা রানী দাস জানান, অমল বর্মন মাদক পাচারের দায়ে বগুড়া, পাবনা ও লালমনিরহাটে তিন বছর জেল খেটেছেন।
গত বছরের সেপ্টেম্বরে জামিনে ছাড়া পাওয়ার পর থেকে তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য ভারতের সিতাই এলাকায় তার স্ত্রীর নিকট আত্মীয়ের বাড়িতে বসবাস করে আসছিলেন বলে স্বপনা জানান।
