ক্ষুদেদের গণতন্ত্রের শিক্ষায় ছুরির আঘাত
কৈশোরে গণতন্ত্রের চর্চা, পরমতসহিষ্ণুতা তৈরির লক্ষ্যে যে আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়; তাতে আঘাত এল কুষ্টিয়ায়।
এই জেলায় ‘স্কুল কেবিনেট নির্বাচন’কে কেন্দ্র করে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত হয়েছে তারই এক সতীর্থ।
সোমবার এই নির্বাচনকে কেন্দ্র করে মেতে উঠেছিল সারা বাংলাদেশের ২৩ হাজার স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা।
এর মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ও ছিল।
ভোটের হারের পর এই বিদ্যালয়টিরই নবম শ্রেণির এক ছাত্রকে দশম শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাত করে বলে শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন।
আহত ছাত্রকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান।
বিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন, ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন ধরে নবম শ্রেণির ওই ছাত্রের সঙ্গে দশম শ্রেণির ছাত্রটির বিরোধ চলছিল।
সোমবার ভোটে আটজন জয়ী হয়। তার মধ্যে আহত ছাত্রটি রয়েছে। অন্যদিকে হেরে যায় হামলাকারী ছাত্রটি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে খাবারের বিরতির সময় বিদ্যালয় চত্বরে ওই দুই ছাত্রের বচসা চলছিল। এক পর্যায়ে দশম শ্রেণির ছাত্রটি চাকু বের করে আঘাত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুঃখিত। এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছি। আলোচনায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে।”
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার বলেন, “আহত ছাত্রটিকে রাজশাহী নেওয়া হয়েছে শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ চলছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হামলাকারী ছাত্রটি এলাকা ছেড়ে পালিয়েছে বলে ওসি জানান।
দেশজুড়ে ইউপি নির্বাচনের ডামাডোলের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন হল। ইউপি নির্বাচনে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন।
‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনে ভোটার, প্রার্থী, ভোটগ্রহণ কর্মকর্তা,আইন-শৃঙ্খলা রক্ষা- সব কিছুর দায়িত্বেই ছিল শিক্ষার্থীরা।
এই আয়োজনের লক্ষ্য বর্ণনা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালেই সাংবাদিকদের বলেন, “ছেলে-মেয়েদের দেশ পরিচালনার জন্য তৈরি করা প্রয়োজন।”
