মহাসড়কে বাসের নিচে প্রাণ গেলে মা-মেয়ের
বগুড়া সদরে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক নারী ও তার শিশু কন্যা নিহত হয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩)।
সোমবার বেলা ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি আবুল বাসার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ঠেঙ্গামারা আব্দুর রহমান পীর সাহেবের বাড়ির সামনে মহাসড়ক পার হচ্ছিল মা-মেয়ে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি এবং হাসপাতালে নেওয়ার পথে মায়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পাশের একটি সিএনজি স্টেশনে বাস থামিয়ে চালক, তার সহকারী ও বাসের সুপারভাইজার পালিয়ে গেছে বলে জানান ওসি।
