বান্দরবানে ‘সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে’ গুলি করে হত্যা
বান্দরবানে ইউপি নির্বাচনের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত শান্তিপ্রিয় ত্রিপুরা (৩৮) রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য জনসংযোগ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রুমা থানার ওসি মো.শরিফুল ইসলাম জানান, রোববার রাত দেড়টার দিকে ইউনিয়নের রামদু পাড়ায় শান্তিপ্রিয়কে হত্যা করা হয়।
গ্যালেঙ্গা মৌজার হেডম্যান মেনরতলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে একদল সন্ত্রাসী শান্তিপ্রিয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যাকারীরা পালিয়ে যায়।”
শান্তিপ্রিয় এক সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ছিলেন বলে জানান ওসি। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য তিনি দিতে পারেননি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বান্দরবানের গ্যালেঙ্গা ইউনিয়নে ভোট হবে আগামী ২৩ এপ্রিল। ইসির তফসিল অনুযায়ী, আগ্রহীরা ২৭ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
