২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাসিয়ারছড়ার ৩৭ নারী যাচ্ছেন জর্ডান

পোশাক শিল্পের কাজের প্রশিক্ষণের পর কুড়িগ্রামের দাসিয়ারছড়ার ৩৭ নারীকে জর্ডানে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 10:11 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

সম্পূর্ণ বিনা খরচে সরকার তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে।  

রোববার তাদের দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন একথা জানান।

জেলা প্রশাসক জানান, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

“নারীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যাতায়াত ও আনুসঙ্গিক খরচের জন্য ভাতাও দেওয়া হয়।  

“এছাড়া তাদের পাসপোর্ট, ভিসা থেকে প্লেন ভাড়া সবকিছু বহন করবে সরকার।”

প্রশিক্ষণ শেষ; এখন শুধু সেই শুভ দিনের জন্য অপেক্ষার পালা, বলেন তিনি।

নুরুল আমিন জানান, জর্ডানে গার্মেন্টস সেক্টরে দুই হাজার নারী শ্রমিকের চাহিদা রয়েছে। পর্যাক্রমে যতটা সম্ভব বিলুপ্ত ছিটমহল থেকেই এ চাহিদা পূরণ করা হবে।

রোববার দুপুরে কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) এই নারী শ্রমিকদের দুমাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ আইনুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেড ইনচার্জ হযরত আলী, প্রশিক্ষণার্থী ফারহানা ইয়াসমিন, তপন বিশ্বাস, শরিফা আক্তার প্রমুখ।