২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু রাহাত হত্যার রায় ২৯ মার্চ

শেরপুরের আলোচিত শিশু রাহাত অপহরণ ও হত্যা মামলার রায় আগামী ২৯ মার্চ দেওয়া হবে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

রোববার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শোনার পর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান আগামী ২৯ মার্চ রায় ঘোষণার দিন রাখেন।

এর আগে এ মামলায় আট কার্য দিবসের মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের পিপি কিবরিয়া বুলু, সাখাওয়াত উল্লাহ তারা, পঙ্কজ নন্দী এবং আসামি পক্ষে হাইকোর্টের আইনজীবী আব্দুছ সোবাহান তরফদার, নারায়ণ চন্দ্র হোড়, আব্দুর রউফ মিয়া যুক্তিতর্ক উপস্থাপন করেন।

যুক্তিতর্ক উপস্থানের সময় আসামি আব্দুল লতিফ, রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত বছরের ২ অগাস্ট শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) অপহরণ করে মুক্তিপণ দাবি করে খালু আব্দুল লতিফ ও তার তিন বন্ধু।  এ ঘটনায় ৪ অগাস্ট তিন জনকে আসামি করে মামলা করে শিশুটির বাবা।

অপহরণের ছয় দিন পর নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে শিশুটির কঙ্কাল উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় খালু লতিফসহ চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তদন্ত শেষে পুলিশ ২৯ নভেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয়। গত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায় বিচারিক আদালত।