২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাকান আর্মি নেতা রেনিন সু’র আরেক সহযোগী আটক

রাঙামাটিতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নেতা ডা. রেনিন সু’র আরেক সহযোগীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 04:15 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

শনিবার রাতে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁ থেকে মং অং থান নামে ওই আরাকান নাগরিককে আটক করা হয় বলে জানান রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ।

মং অং থান আরাকান আর্মি নেতা ডা. রেনিন সু’র অন্যতম সহযোগী।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, শহরের বনরূপা এলাকার একটি রেস্তোরাঁ থেকে মং অং থানকে আটক করা হয়েছে। তার কাছে ভিন্ন নামে দুইটি জাতীয় পরিচয় পত্রসহ আরাকান আর্মির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গেছে।

মং অং থানকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তার বিরুদ্ধে বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। রোববার পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদ উল্লাহ।

গত বছরের ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাঙামাটির ইসলামপুর এলাকার একটি নির্মাণাধীন মসজিদ থেকে রেনিন সু’কে গ্রেপ্তার করা হয়েছে।

ওই সময় ৪১ হাজার ১২০ টাকা, বিভিন্ন ব্যাংকের ছয়টি ক্রেডিট কার্ড, নেদারল্যান্ডসের একটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

চিকিৎসা শাস্ত্রের ডিগ্রিধারী রেনিন সু এক সময় নেদারল্যান্ডসে কাটিয়েছেন।

গত কয়েক বছর ধরে তিনি রাঙামাটির রাজস্থলীতে বাড়ি করে স্থানীয় এক মার্মা তরুণীকে বিয়ে করে রাঙামাটিতেই থাকতেন।

সেখান থেকেই তিনি আরাকান আর্মির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা।

এর আগে ২৪ অগাস্ট বান্দরবানের থানচির সীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ টহল দলের উপর আরাকান আর্মির হামলা ও গোলাগুলির পর রাজস্থলীতে রেনিন সু’র খোঁজ পায় পুলিশ।

দুদিন পর রাজস্থলীর কলেজ পাড়ায় অবস্থিত রেনিন সুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া না গেলেও তার সহযোগী অং ওয়েন রাখাইন আটক হন।

ওইদিন সেখানে আরাকান আর্মির তিনটি পোশাক, ওই পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ, তিনটি ক্যামেরা ও দুটি ঘোড়াও পাওয়া যায়।

এর আগে ২৮ অগাস্ট ওই বাড়ির দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে গ্রেপ্তার করা হয়। তারাও বর্তমানে কারাগারে আছেন।

পুরনো খবর:

‘আরাকান আর্মির নেতা’ রেনিন সু রাঙামাটিতে গ্রেপ্তার