২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রে হামলা, ৩ ঘণ্টা পর ভোট শুরু

পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে হামলা ও ব্যালটপেপার লুটের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 12:04 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

রোববার সকাল ৮টায় ভোট শুরুর পরপরই পৌর শহরের পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন চৌধুরী জানান।

হামলার পর তাৎক্ষণিকভাবে ভোট স্থগিত করা হলেও নতুন করে ব্যালটপেপার ও সরঞ্জাম এনে বেলা ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন জানান।

দ্বিতীয় ধাপের নির্ধারিত অপর নয়টি পৌরসভার মতো ব্রাহ্মণবাড়িয়ার ৪৮টি কেন্দ্রেও সকাল ৮টায় ভোট শুরু হয়।

প্রিজাইডিং অফিসার মঞ্জুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঞ্জুর হোসেন জানান,  ভোট শুরুর পরপরই কয়েকজন যুবক জোর করে পুনিয়াউট কেন্দ্রে ঢুকে কিছু ব্যালটপেপার ও সিল লুটে নিয়ে যায়।

এরপর ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া নতুন ব্যালটপেপার ও প্রয়েজনীয় সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নিলে তিন ঘণ্টা পর ভোট শুরু হয়।

বাকি কেন্দ্রগুলোতে বড় কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও অধিকাংশ কেন্দ্র ক্ষমতাসীন দলের সমর্থকরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাফিজুর রহমান মোল্লা কচি।

তিনি বলেন, “আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবিরের সমর্থকরা ৪৮টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র দখল করে নিয়েছে।”
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী নায়ার বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে, ভোটাররটা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।”

অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ‘ভাল’ বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মোশাররফ হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মোট ভোটার এক লাখ ৮ হাজার ১৯৯ জন। মেয়র পদে পাঁচজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ১১টি পদে ৫৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের চারটি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।