২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কয়লাবাহী কোস্টার ডুবি

সুন্দরবনের শেলা নদীতে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার তলা ফেটে ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 11:26 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

শনিবার বিকালে চাঁদপাই রেঞ্জের শেলা নদীর হরিণটানার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও সাইদুল ইসলাম ও কোস্টারের মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা।

মাস্টার সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে কয়লা বোঝাই করে কোস্টারটি যশোরের নওয়াপাড়া যাচ্ছিল।

“হরিণটানা এলাকায় পৌছালে হঠাৎ তলা ফেটে পানি উঠতে শুরু করে। এ সময় ট্যাঙ্কার নূরজাহান-১ এসে আমাদের ১২ নাবিককে উদ্ধার করলেও ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে কোস্টারটি তলিয়ে যায়।”

ডিএফও সাইদুল বলেন, “সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয় থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে কয়লাবোঝাই কোস্টার সি হর্স-১ ডুবে গেছে।

“অনেক দূরে হওয়ায় রাতে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। রোববার কোস্টারমালিকের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে।”

২০১৪ সালের ৯ ডিসেম্বর এই শেলা নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি ওয়েল ট্যাঙ্কার ডুবে যায়। ওই সময় থেকে সুন্দরবনের এই নৌপথটিতে যান চলাচল বন্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন দাবি জানিয়ে আসছে।