বিএনপি কি ককটেল-বোমা নিয়ে ঘুরে দাঁড়াবে: কাদের
কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিএনপির ষষ্ঠ কাউন্সিলের দিন ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহ্বান করেছে, তাতে ঘুরে দাঁড়ানোর কোন আভাস পাওয়া যাচ্ছে না।
“যেহেতু নেতৃত্বে গুণগত কোনো পরিবর্তনের লক্ষণ নেই, তাই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও নেই।”
ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, “বিএনপি গণতন্ত্র বাঁচানোর কথা বলে পেট্রোল বোমা ও আগুন নিয়ে মাঠে নেমেছিল। এবারও কি তারা পেট্রোল বোমা ও আগুন নিয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছে? সেটি এখন দেখার বিষয়।”
বিএনপিকে কাউন্সিল করতে কোনো বাধা দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, “বাধা দিলে এত উৎসব মুখর পরিবেশে বিএনপির কাউন্সিল করতে পারত না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়ার্দী উদ্যানও বরাদ্দ দেওয়া হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর আতিউর রহমানকে ‘ভালো ব্যক্তি’ উল্লেখ করে ব্যাংক থেকে টাকা লুটের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে না বলেও মন্তব্য করেন মন্ত্রী কাদের।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ঘটনাটি চেপে রেখে সমালোচনার মধ্যে গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হন গভর্নর আতিউর।
