গ্রিল কেটে ঢুকে ডাকাতির চেষ্টা, আহত ১
সাতক্ষীরায় গ্রিল কেটে এক সরকারি কর্মকর্তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে আহত করেছে ডাকাতরা।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পৌর শহরের রাজারবাগান এলাকায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাসীন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মুহাসীন আলীর স্ত্রী হাবিবা আক্তার কুমকুমকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা মুহাসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ছয় ডাকাত ভেতরে ঢোকে।
“শব্দ পেয়ে কুমকুম উঠে এগিয়ে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত ও পায়ে কুপিয়ে জখম করে। আর আমাকে ঘরে আটকে ফেলে।”
এরই মধ্যে বাসার লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা লুটপাট বাদ দিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
ওসি এমদাদুল বলেন, “শুক্রবার রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে।
