২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারা গেছেন

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া মারা গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 01:24 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার সাড়ে রাত ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দলীয় নেতারা জানিয়েছেন।

কিবরিয়ার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে কিবরিয়াকে।

প্রয়াতের চাচাতো ভাই মান্না রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম কিবরিয়া ক্যান্সোরের সঙ্গে হৃদরোগ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। গত ৭ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ছিলেন তিনি।

সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার বাসিন্দা কিবরিয়া ভিক্টোরিয়া স্কুল থেকে ম্যাট্রিক এবং সিরাজগঞ্জ মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন তিনি।

মুক্তিযোদ্ধা কিবরিয়া সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। গত বছর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কিবরিয়ার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু শোক জানিয়েছেন।