হাসপাতাল থেকে নবজাতক চুরি
খুলনা সদর হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে।
বৃহস্পতিবার জুনায়েদ নামের এই নবজাতক চুরি হয় বলে সিভিল সার্জন রফিকুল ইসলাম জানান।
সিভিল সার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী সানজিদা বেগমকে (২৫) সোমবার হাসপাতালে ভর্তি করা হয়।
“মঙ্গলবার রাতে অপারেশনের মাধ্যমে তার একটি ছেলে ও একটি মেয়ে (জমজ) সন্তানের জন্ম হয়। সন্তানসহ সানজিদা হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি ওয়ার্ডে ছিলেন।”
বৃহস্পতিবার সকালে সানজিদা ঘুমিয়ে থাকার সময় নবজাতক ছেলেটি চুরি হয় বলে সিভিল সার্জন জানান।
সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “এক নারীর সাথে সানজিদা সখ্য ছিল। চুরির ঘটনার পর থেকে ওই নারী নিঁখোজ রয়েছেন। পুলিশ তাকে খুঁজছে।”
এ ঘটনায় হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট গোলক বিহারী স্বর্ণকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।
কমিটির অন্য দুই সদস্য হলেন সিনিয়র কনসালট্যান্ট মো. রফিকুল ইসলাম ও অর্থপেডিক্স বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান।
এ ব্যাপারে নবজাতকের বাবা ইদ্রিস আলী মামলা করেছেন বলে ওসি জানান।
