‘শিশু নির্যাতনের বিচার সালিশে নয়’
শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনের কর্মচারী ও জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে রাজশাহীর চারঘাঘাটে এক আলোচনা সভায় তিনি বলেন, “শিশু নির্যাতনের বিচার সালিশে না করে নির্যাতনকারীকে প্রশাসনের হাতে তুলে দিন।”
এ সরকার শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে বদ্ধ পরিকর বলে তিনি মন্তব্য করেন।
বঙ্গবন্ধু, ৭ মার্চ, ২৬ মার্চ, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী হত্যার ইতিহাস নতুন প্রজন্মকে জানতে না দিতে ১৯৭৫ সালের পর ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে মনে করেন শাহরিয়ার আলম।
তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আজকের শিশুরা বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস জানতে পারত না।”
বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের দিয়ে কাজ করানো হয়। শ্রমের বিনিময়ে তাদের ২০ টাকা থেকে ৫০ টাকা অথবা খাবার দেওয়া হয় মন্তব্য করে তিনি বলেন, “শিশু শ্রমিক বানাবেন না। হাট বাজারসহ শিশুদের দিয়ে আর কোনো কাজ করাবেন না। শিশুদের আমরা শ্রমিক হিসেবে দেখতে চাই না।”
চারঘাট পাইলট স্কুল মাঠে আলোচনা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
