২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মুরগির খামারে আগুন লেগে রক্ষণাবেক্ষণকারী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় একটি মুরগির খামারে আগুন লেগে রক্ষণাবেক্ষণকারী নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 12:53 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে ওই অগ্নিকাণ্ডে খামারটি ভস্মীভূত হয়েছে বলে জানান ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শ্রীবাস বাড়ৈ।

নিহত মহসিন মাতুব্বর (৪৩) ওই মুরগির খামারের রক্ষণাবেক্ষণকারী ছিলেন। তিনি ওই এলাকার মৃত রায়হান মাতুব্বরের ছেলে।

শ্রীবাস বাড়ৈ বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে গভীর রাতে ছালাম মাতুব্বরের খামারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো খামারে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও খামারে আটকা পড়ে দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মহসিন মাতুব্বর।”

আগুনে কয়েকশ’ মুরগিও মারা গেছে বলে জানান তিনি।