ট্রলার ডুবে পুলিশের ৩ শটগান নদীতে
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের ট্রলার ডুবে তিনটি শটগান ধলেশ্বরী নদীতে পড়ে গেছে।
বুধবার রাত পোনে ৯টার দিকে মুক্তারপুরের কাছে একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় বলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান।
তিনি সাংবাদিকদের বলেন, মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রলারে করে টহল দিচ্ছিলেন। শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে ট্রলারটিকে চাঁদপুরমুখী একটি লাইটারেজ জাহাজ ধাক্কায় দিলে ডুবে যায়।
ওই ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুচ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলারে থাকা চার পুলিশ নদীতে ঝাঁপ দিয়ে তীরে উঠতে পারলেও তাদের সাথে থাকা গুলিসহ তিনটি শটগান নদীতে খোয়া যায়।
ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
বৃহস্পতিবার সকালে এসব অস্ত্র উদ্ধারে নদীতে তৎপরতা শুরু করা হবে এবং লাইটারেজ জাহাজটি শনাক্তের চেষ্টা চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
