কুষ্টিয়ায় নির্বাচনী প্রচার কেন্দ্রে গুলি, বিজিবি মোতায়েন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় এক স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে চিলমারির চর ইউনিয়নের এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মিজানুর রহমান।
দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, গুলিবর্ষণের পর ঘটনাস্থল ভবনন্দদিয়ার মাছের হাট এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সেখান থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধারের খবর জানালেও কেউ গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কিছু বলতে পারেননি ওসি।
অপরদিকে চিলমারী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেওয়ান সাইফুল ইসলাম শেলী সাংবাদিকদের বলেন, “আমি ভবনন্দদিয়ার মাছের হাট সংলগ্ন নির্বাচনী অফিসে শতাধিক কর্মী নিয়ে মতবিনিময় করছিলাম।
“এ সময় আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আহমেদ ও তার ক্যাডার বাহিনী ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিতে ১৪-১৫ রাউন্ড গুলি করে।”
গুলিতে তার নির্বাচনী কর্মী সোহাগ (২০) ও হিমেল (২২) জখম এবং কামাল মল্লিক (৫০) তোফায়েল (৩০) ও শাহজাহানসহ (৪০) ১০ জন আহত হলে তাদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।
এ বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে যোগযোগ করা হলেও আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আহমেদ ফোন রিসিভ করেননি।
