২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ৩ সহোদরের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক দিন আগে নিখোঁজ তিন ভাই-বোনের লাশ পাওয়া গেছে স্থানীয় একটি নদীতে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 01:42 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

নাসিরনগর থানার ওসি আবুল কাদির জানান, বুধবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর পূর্বপাড়ার বেমালিয়া নদী থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

এরা হলো- ওই এলাকার শওকত আলীর মেয়ে সুলতানা (৪) এবং দুই ছেলে রাজা (৬) ও বাদশা (৭)।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “মঙ্গলবার দুপুরে তিন ভাই-বোন বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকালে  স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের জুতা পাওয়া যায়।”  

বুধবার নদীতে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান ওসি। 

চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আহাদ জানান, ওই তিন শিশুর বাবা সিলেটে ও মা লেবাননে থাকেন। তারা রতনপুরের পূর্বপাড়ায় বোনের বাড়িতে থাকত।

সাঁতার না জানায় বাড়ির পাশের নদীতে তারা ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।