২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামলায় যুবক নিহত

সিলেট নগরীতে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 11:26 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

মঙ্গলবার রাতে রায়নগরে এ ঘটনায় নিহত বিপ্লব রায় বিকল (২৯) মেজরটিলা এলাকার বিজয় রায়ের ছেলে।

আহত প্রীতম দেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্ত লাল দাসকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

এ ঘটনার জন্য নগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী জমসেদ সিরাজ ও তার সহযোগীদের দায়ী করছেন নিহতের বন্ধু ও স্বজনরা।

বিপ্লব রায় বিকল দীর্ঘদিন ধরে নগরীর রায়নগর এলাকায় বসবাস করেছেন। কয়েক মাস আগে তিনি নগরীর মেজরটিলা এলাকায় চলে যান।

বিপ্লবের বন্ধু অনন্ত লাল দাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে তার বন্ধু প্রতীম দে ও অনন্ত লাল দাসের সঙ্গে দেখা করতে রায়নগর আসেন। সেখানে তারা তিনজন বসে গল্প করছিলেন।

“রাত সোয়া ১২টার দিকে স্থানীয় যুবলীগকর্মী জামশেদ সিরাজ ও তার তিন সহযোগী তাদের উপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে।

“স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লবের মৃত্যু হয়।”

অনন্ত আরও জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও প্রতীমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

অনন্ত লাল দাস সাংবাদিকদের বলেন, বিকলের এক আত্মীয়ের মেয়েকে উত্ত্যক্ত করত জামশেদ সিরাজের কয়েকজন সঙ্গী। এ নিয়ে আগেও একবার ঝামেলা হয়েছিল। কিন্তু বিষয়টি মীমাংসা হয়নি।

ওই ঘটনার জের ধরেই জামশেদ সিরাজ তাদের উপর হামলা চালিয়েছে বলে ধারণা করছেন অনন্ত। 

এ বিষয়ে জামশেদ সিরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।

জামশেদ সিরাজের ভাই ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাভেদ বলেন, “আমার ভাই এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, সে উল্টো আহতদের হাসপাতালে নিয়ে গেছে।”

কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ আহমদ জানান, রায়নগরে দুটি পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। এর জেরে বিপ্লব ছুরিকাঘাতে মারা গেছেন।

পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।