২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে তুলে নিতে বাড়িতে হামলা, বাবা খুন

নারায়রণগঞ্জের ফতুল্লায় মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে খুন হতে হয়েছে এক বাবাকে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়রণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 10:05 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

পুলিশ বলছে, পরিবার বিয়ে ঠিক করায় মেয়েটির ‘কথিত প্রেমিক’ দলবল নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলাকারীদের সাতজনকে পালানোর সময় আটক করা হয়েছে।

নিহত মনিন্দ্র কুমার অধিকারী ফতুল্লার রঘুনাথপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত ৩টার দিকে তার বাড়িতে হামলা হয় বলে ফতুল্লার ওসি কামাল হোসেন জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,একটি মাইক্রোবাসে করে এসে আট যুবক মনিন্দ্র চন্দ্রের বড়িতে ঢোকে এবং তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

“এ সময় তিনি বাধা দিলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” 

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, গত চার মাস আগে স্থানীয় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মনিন্দ্র চন্দ্রের মেয়ের সঙ্গে ঢাকার শ্যামপুরের সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী তুহিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

“কিন্তু দুজন ভিন্ন ধর্মের হওয়ায় মনীন্দ্র তাদের প্রেমের সর্ম্পক মেনে না নিয়ে ওই তুহিনের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেয় মেয়ে।”

পুলিশ কর্মকর্তা কামাল বলেন, “মেয়েটির বিয়ে ঠিক হওয়ার খবরে তুহিন ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে দলবল নিয়ে তাকে তুলে নিতে আসে।পরিবারের লোকজন টের পেয়ে বাধা দিতে গেলে তারা মন্দ্রিকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

ঘটনার পরপরই এলাকাবাসী তুহিনের সাত সহযোগীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বলে জানান ওসি। 

ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র ও হামলাকারীদের দুটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।