গাজীপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষ: আরও এক পুলিশের মৃত্যু
গাজীপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জখম তিন পুলিশের মধ্যে আরও একজন মারা গেছেন।
মানিক মঙ্গলবার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ।
জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর ৪টার দিকে হোতাপাড়া ফাঁড়ির পুলিশ মাইক্রোবাসে করে টহল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গিলাবেরাইদ এলাকায় পুষ্পদামের সামনে পণ্যবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়।
“এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে ভিতরে ঢুকে গেলে এএসআই মো. হারুন অর রশিদ ঘটনাস্থলে নিহত হন।”
এ ঘটনায় কনস্টেবল জব্বার ও মানিকসহ মাইক্রোর চালক মো. ফারুক মিয়া গুরুতর আহত হন।
ফারুক ও জব্বারকে স্কয়ার হাসপাতাল এবং মানিককে পপুলার হাসপাতালে পাঠানো হয়।
