ডাকাত ধরতে গিয়ে ৫ পুলিশ আহত
বরগুনায় ডাকাত ধরতে গিয়ে গোলাগুলিতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, সোমবার গভীর রাতে পায়রা নদীর পাড়ে এ গোলাগুলির সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের সর্দারকে।
গ্রেপ্তার দেলোয়ার হাওলাদারের বাড়ি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে।
তার বিরুদ্ধে আমতলী থানায় পাঁচটি ও ঢাকার ভাটারা থানায় দুটি মামলা রয়েছে বলে জানান এসপি বসাক।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন জানান, গোলাগুলির সময় আহত হয়েছেন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক গোলাম মোস্তফা, কনস্টেবল আবদুর রহমান, শাকিল ও মাসুদ আলম।
পুলিশ সুপার বলেন, সোমবার রাতে দেলোয়ারের নেতৃত্বে ডাকাত দল ট্রলারে করে পায়রা নদীর পাড়ে আসে। এলাকার লোকজন ডাকাত আসার বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়।
“পরে বরগুনা থানার ওসি রিয়াজ হোসেনের নেতৃত্বে পুলিশ গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়।”
এক পর্যায়ে দেলোয়ারকে একটি এলজি, দুই রাউন্ড বন্দুকের গুলি, পাঁচটি হাতবোমা, চারটি মুখোশ, তিনটি টর্চলাইট, পাঁচটি ইয়াবা ও একটি গুলির খোসাসহ আটক করা হয় বলে জানান তিনি।
এরপর ভোররাতে দেলোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ তার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
