যশোরে রাজ্জাক হত্যায় স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড
যশোরের চৌগাছার আজমতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজ্জাকের স্ত্রী সাবানা খাতুন ও আজমতপুর গ্রামের মুনসুর আলীর ছেলে আব্দুল আলিম। দুজনেই কারাগারে রয়েছে।
এছাড়া আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছে বলে রাষ্ট্রপক্ষর আইনজীবী আবু সেলিম রানা জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, আব্দুর রাজ্জাকের চাচাত বোনের স্বামী আব্দুল আলিমের সঙ্গে সাবানা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।বিষয়টি নিয়ে রাজ্জাক ও সাবানার কলহ চলছিল। এ নিয়ে এলাকায় শালিস বৈঠকও হয়।
“২০১৪ সালের ৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে আব্দুর রাজ্জাক বাড়ির পাশে পানের বরজ পাহার দিতে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে বরজে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।”
পিপি আরও জানান, এ ঘটনায় রাজ্জাকের ভাই মিন্টু বাদী হয়ে ১১ মার্চ দুইজনকে আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ সাবানাকে আটক করলে তিনি হত্যার কথা স্বীকার ও আব্দুল আলিম জড়িত উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন।তদন্ত শেষে ওই বছর ৩০ জুন দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
