সিঁদ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার পণ্ডিতসারে রোববার গভীর রাতে এ ঘটনায় ওই ব্যবসায়ীর মা ও বোন আহত হয়েছেন বলে জানিয়েছেন নড়িয়া থানার ওসি মো. ইকরাম আলী মিয়া।
নিহত রিগান দেওয়ান (২৭) উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাবুল দেওয়ানের ছেলে। শিমুলতলা মোড়ে একটি মুদি দোকান রয়েছে তার।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইমরান হোসেন নামে এক ইতালি প্রবাসীকে আটক করেছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, প্রতিদিনের মতো রোববার রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েন রিগান। গভীর রাতে ৭/৮ জন মুখোশধারী সিঁদ কেটে ঘরে ঢুকে প্রথমে কাঠ দিয়ে পেটাতে থাকে তাকে।
“তার চিৎকার শুনে পাশের কক্ষ থেকে মা আনোয়ারা বেগম ও ছোট বোন নিপা আক্তার ছুটে গেলে তাদের মারধর করা হয়। এরপর মায়ের মাথায় পিস্তল ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে রিগানের বুকে ও পেটে ৬/৭ আঘাত করে চলে যায়।”
মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে রিগানকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান তিনি।
ওসি বলেন, হত্যাকারীদের মধ্যে শাহ আলম তপাদার নামে একজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন রিগানের মা আনোয়ারা বেগম।
পূর্ব বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ইকরাম আলী।
রিগানের খালাত ভাই জনি বলেন, “রিগানের বাবা বাবুল দেওয়ান রাতে দোকানে ঘুমিয়ে ছিলেন। হত্যার সময় সন্ত্রাসীরা দোকানের বাইরে তালা মেরে দেয়। এ কারণে খালু চিৎকার শুনেও বের হতে পারেননি।”
