গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ অন্তত আট জন।
সোমবার দুপুরে সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কাওসার আলম।
নিহতদের মধ্যে একজন সদর উপজেলার ভবানীপুর এলাকার কাজী সেলিমুজ্জামান (৪৫) বলে জানালেও আরেক জনের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কাওসার বলেন, বেলা সোয়া ১টার দিকে তেলিপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কাজী সেলিমুজ্জামান নিহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে সেখানে আরেক জনের মৃত্যু হয়।
