২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে খুলনা ও যশোরের আটটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা চার ঘণ্টা সড়ক অবরোধ করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 02:34 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে সোমবার মহানগরীর খালিশপুরের নতুন রাস্তার মোড়ে চার ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় খুলনা-যশোর মহাসড়কের যানজটে দুর্ভোগ পোহায় বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুল সালাম জমাদ্দার বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলে।

এতে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর জুটমিল, আটরা-গিলাতলা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং যশোরের রাজঘাট এলাকায় জেজে আই ও কার্পেটিং জুটমিলের শ্রমিকরা অংশ নেয়। 

আব্দুল সালাম আরও বলেন,“পাটকলগুলোতে কাঁচা পাটের চরম সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে মিলগুলোর শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে।”

তাই পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।