২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস কমিটির ‘জনযাত্রা’ সমাপ্ত

ঢাকা থেকে শুরু হওয়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ‘জনযাত্রা’ কর্মসূচি শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 07:26 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

রোববার দুপুরে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালী মোড়ে সমাবেশে ঘোষণাপত্র পাঠের মধ্যে দিয়ে তাদের চার দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

বাংলাদেশ ও ভারত সমান অংশীদারিত্বে বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কৈর্গদাসকাঠি মৌজায় এক হাজার ৭৩৪ একর জমিতে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।

তেলগ্যাস কমিটি সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে একই দাবিতে সুন্দরবন অভিমুখে লংমার্চ করেছিল তেলগ্যাস রক্ষা কমিটি। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে দাবি করছেন তারা।

অন্যদিকে  সরকারের দাবি, সুন্দরবনের জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ ও প্রতিবেশের ক্ষতি যাতে না হয় সে ব্যাপারে সর্তকতার সঙ্গে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে চারদিনের এ কর্মসূচি শুরু হয়েছিল। তারা সুন্দরবন অভিমুখে যাওয়ার পথে মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর ও খুলনার বিভিন্ন স্থানে সমাবেশ করেন।