হত্যার বিচার চেয়ে চুয়াডাঙ্গায় থানা ঘেরাও
হামলায় নিহত ভুলু হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী চুয়াডাঙ্গা সদর থানা ঘেরাও করেছে এলাকাবাসী।
রোববার দুপুর সোয়া ২টার দিকে ভুলুর এলাকার কয়েকশ’ নারী-পুরুষ চুয়াডাঙ্গা সদর থানা ঘেরাও করে। এ সময় শহরের শহীদ হাসান চত্বরে বেশ কয়েকটি ইজিবাইক ভাংচুর করা হয়।
এক পর্যায়ে বিক্ষুব্ধরা সদর থানার বাইরে ও ভেতরে অবস্থান নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের ভুলুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর থানা এলাকা ছেড়ে যায় তারা।
শনিবার দুপুরে শহরের ফেরিঘাট রোডে দুর্বত্তরা ভুলুকে কুপিয়ে হত্যা করে। এ সময় আকাশ নামে আরও একজনকে কুপিয়ে জখম করে তারা।
দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, “ভুলু হোসেন হত্যা এবং আকাশ হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে, রোবাবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে ভুলুর লাশ হস্তান্তর করা হয়। ৪টায় পুরাতন গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।
