সিরাজগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
গ্রামের নলকূপের দখল নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল কুদ্দুস (৩৫) রায়গঞ্জ উপজেলার হামিদ-দামিন গ্রামের মৃত বিশা শেখের ছেলে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে কুদ্দুসের মৃত্যু হয় বলে রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান।
ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ নাজির জানান, হামিন-দামিন গ্রামে গভীর নলকূপের দখল নিয়ে আব্দুল কুদ্দুসের সঙ্গে হবিবর রহমানের বিরোধ চলছিল। এ নিয়ে তারা পরস্পরের বিরুদ্ধে মামলাও করে।
শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হন।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বগুড়ায়।
ওসি রাশেদুল জানান, ওই গ্রামের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
