জয়পুরহাটে ডাকাতির মামলায় গ্রেপ্তার ৪
জয়পুরহাট শহরের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- শহরের নতুনহাট শেখ পাড়া এলাকার আঁখি খাতুন (২২), নতুনহাট সরদার পাড়া এলাকার ফরিদ হোসেন (১৮), আরাফাত নগর এলাকার নাহিদুল ইসলাম (১৯) ও পাঁচবিবি উপজেলার দরগা পাড়া গ্রামের শাহিনুর রহমান (৩০)।
১০ মার্চ রাতে শহরের আল হেরা একাডেমি সংলগ্ন একটি বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা মাসুম বিল্লা দেওয়ান পরদিন যে মামলা করেছেন, তাতে ওই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
মাসুম বিল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক নারীসহ চারজন তার বাড়িতে ঢুকে পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে।
পরে একটি মোটরসাইকেল, এক ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করেছেন মাসুম।
