২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইয়াবা উদ্ধার অভিযানে’ ৬ পুলিশ ও আনসার সদস্য আহত

কক্সবাজারের টেকনাফে ‘ইয়াবা উদ্ধারে অভিযান’ চালাতে গিয়ে হামলায় পুলিশ ও আনসারের ছয় সদস্য আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 03:42 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

শনিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় নুরুল হুদার বাড়িতে ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালাতে গিয়ে আইনশৃংখলাবাহিনীর সদস্যরা এ হামলার স্বীকার হন বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।

আহতরা হচ্ছেন ব্যাটেলিয়ন আনসার সদস্য সুলতান আহমদ (৫২), পুলিশের এসআই সুবীর পাল (২৯), কনস্টেবল দিদারুল আলম (২৪), মো. আলাউদ্দিন (২৭), আনসার সদস্য শহিদুল ইসলাম (৪৮) ও গাড়ির চালক মোহাম্মদ শুক্কুর (৩০)।

সুলতানকে কক্সবাজার সদর হাসপাতালে এবং অন্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্য সুলতান আহমদ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’

এ অভিযানে থাকা টেকনাফ থানার উপ-পরিদর্শক মো. শাফায়াত বলেন, ‘হ্নীলার লেদা এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদার বাড়িতে ইয়াবা মজুদের খবর পেয়ে শনিবার ভোর রাতে পুলিশ অভিযান চালায়।

‘অভিযান চলাকালে নুরুল হুদার বাড়িতে থাকা লোকজন পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আশেপাশের বাড়ির লোকজনও হামলা চালায়। এ সময় বাড়ির সীমানা দেওয়াল পেরিয়ে নুরুল হুদা ইয়াবাসহ পালিয়ে যায়।’

নুরুল হুদা  প্রথম দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানায় পুলিশ।