যশোর পলিটেকনিকের অধ্যক্ষর অপসারণ দাবি
অনিয়মের অভিযোগ এনে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. আব্দুল্লাহার অপসারণ দাবি করেছেন কিছু শিক্ষার্থী।
শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের ১ নম্বর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোর্তজা আহমেদ বলেন, ‘তিনি বিশ্ব ব্যাংকের দেড় কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ না করে আটকে রেখেছেন। যা বাংলাদেশের অন্যান্য পলিটেকনিকে বিতরণ করা হয়ে গেছে। ‘
ইনস্টিটিউটের বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম ও সজনপ্রীতির অভিযোগও তোলেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান, আবু সাঈদ, রিয়াদ হোসেন, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেনসহ বেশ কজন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ ড. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কতিপয় শিক্ষক ও ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কয়েকজন নেতার ইন্ধনে ক্যাম্পাসে অরাজকতা করা হচ্ছে। ’
তবে শিক্ষাবৃত্তি বিতরণ না করার ব্যাপারে জানতে চাইলে ব্যস্ত রয়েছেন পরে কথা বলবেন বলে জানান তিনি।
