হাজতে ‘আত্মহত্যার চেষ্টা’, হাসপাতালে মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা থানা হাজতে আত্মহত্যার চেষ্টাকারী এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার এ ঘটনায় মৃত কাজল মণ্ডল ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রাজাপুর গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে টহল পুলিশ উপজেলার শেখপাড়া বাজার থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর তাকে থানা হাজতে রাখা হয়। তিনি মাদকাসক্ত ছিলেন।
“সকাল ১১টার দিকে নিজের গলায় লুঙ্গি পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
“উদ্ধার করে তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।”
ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তার নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানারিএকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানান ওসি মহিবুল ইসলাম।
