২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ‘আধিপত্যের সংঘাতে’ আহত ৩৩

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারের চেষ্টায় দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে ৩৩ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 01:19 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, শুক্রবার সকালে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই উদয়পুর ও আস্তাইল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, এলাকার আধিপত্য নিয়ে উদয়পুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ও আস্তাইল গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মকুর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে কামরুল ও মকুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

“দুই পক্ষ লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঢিলের আঘাতে ও ছররা গুলিতে উভয় পক্ষের ৩৩ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।   

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন, “আহত ৩৩ জনের মধ্যে আটজনের মাথায়, বুকে ও পিঠে গুলি লেগেছে।”

গুলিবিদ্ধি আটজনসহ মোট ১৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।