২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে স্কুলমাঠে আইন কলেজ সম্প্রসারণের অভিযোগ

টাঙ্গাইলে একটি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে আইন কলেজ সম্প্রসারণের অভিযোগে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে শিশুশিক্ষার্থীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 01:19 AM

Updated : 11 Oct 2022, 07:54 PM

সরজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় পুরো শহরের যান চলাচল বন্ধ থাকে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যালয়টি ১৯৩৯ সালে ৪১ শতাংশ ভূমির উপর প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি হয়।

“আইন কলেজটি স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ এটি স্থানান্তর না করে বরং বিদ্যালয় মাঠেই তাদের পরিধি বাড়ানোর কাজ শুরু করেছে। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।”

এ বিদ্যালয়ের ১ হাজার ২০০ ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান।

এদিকে আইন কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ দাবি করেন, ১৯৮১ সালে ভূমি বোর্ড কলেজের নামে ১২ শতাংশ অর্পিত সম্পত্তি লিজ দেয়। সেখানেই কলেজের ভবন হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “আমি এ জেলায় কয়েক দিন আগে যোগ দেওয়ায় এখনও তেমন কিছু জানি না।”

তবে বিষয়টি নিয়ে দ্রুত বৈঠকে বসার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।