পুরুষাঙ্গ কাটায় ৭ বছরের জেল
সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় পুরুষাঙ্গ কর্তন মামলার রায়ে এক হোমিও চিকিৎসককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (৪৬) গাড়দহ নতুন পাড়ার নুরু ব্যাপারির ছেলে।
আদালত পরিদর্শক মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুখ্য বিচারিক হাকিম মো. মোর্শেদ আলম বৃহস্পতিবার বিকেলে রফিকুল ইসলামকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
“জরিমানা পরিশোধ না করলে তাকে আরও দুই মাস কারাভোগ করতে হবে।”
পরিদর্শক জানান, রফিকুল ইসলাম একই এলাকার মন্টু মিয়ার অবিবাহিত ছেলে শাহিন আলমের (২৩) কাছে ১০ হাজার টাকা হাওলাদ চেয়ে ব্যর্থ হয়ে তার উপরে ক্ষিপ্ত ছিলেন।
“গত বছর ১৬ জুন রাতে শাহিন আলমের বাড়ি গিয়ে রাসায়নিক পদার্থ মিশ্রিত রুমাল শাহিনের মুখে ধরলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ব্লেড দিয়ে শাহিনের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করেন রফিকুল।”
এ ঘটনায় শাহিনের বাবা মন্টু মিয়া শাজাহাদপুর থানায় মামলা করেন।
আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার উপস্থিতিতে বিচারক রায় দেন বলে পরিদর্শক জানিয়েছেন।
