মাদক নিয়ে বিরোধ: সালিশে ২ যুবক গুলিবিদ্ধ
রাজশাহীর চারঘাটে মাদক পাচার নিয়ে বিরোধ মিমাংসার সালিশে গুলিতে দুই যুবক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে বল জানান চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।
গুলিবিদ্ধ সাঈদ হোসেন ও মহিদুলকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহিবুল ইসলাম বলেন, মহিদুলের বাম হাতে গুলি হাতে লেগে বের হয়ে গেছে; তিনি আশঙ্কামুক্ত। আর সাঈদের বুকে গুলি আছে বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা গুরুতর।
ওসি বলেন, ওই এলাকার মাদক বিক্রেতা আফজালকে তিন মাস আগে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরেছেন। তাকে ধরিয়ে দেওয়াসহ বিভিন্ন সময় তার পাচার করে নিয়ে আসা ফেনসিডিল ধরিয়ে দেওয়ার পেছনে মামা মাহাবুর ঘাটিয়ালের হাত রয়েছে বলে সন্দেহ আফজালের।
“এ নিয়ে আফজাল মামাকে কয়েকদফা হুমকি ধামকিও দেন। এ বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় রহমানের বাড়িতে সালিশ বসে। সালিশে কথাকাটাকাটির এক পর্যায়ে আফজালের সহযোগী মহিদুল পিস্তল বের করলে দুপক্ষের ধস্তাধস্তি হয়।”
এ সময় একটি গুলি বের হয়ে মহিদুলের হাত ভেদ করে সাঈদের বুকে লাগে। পুলিশ পাহারায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
