২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে শিক্ষার্থীকে প্রহার, দপ্তরি বরখাস্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হাতুড়ি দিয়ে চার ছাত্রকে প্রহারের ঘটনায় ওই বিদ্যালয়ের দপ্তরিকে বরখাস্ত করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 12:19 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

ওই ঘটনায় আহত শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠলেও তাদের আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি বলে অভিভাবকরা জানিয়েছেন।

উপজেলার আলিশার কুল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ‘দপ্তরি কাম প্রহরী’ মো. সুমন মিয়া গত শনিবার ঘণ্টা পেটানোর হাতুড়ি দিয়ে পিটিয়ে চার শিক্ষার্থীকে আহত করেন। ওই শিক্ষার্থীরা এসেম্বলি শেষে ক্লাসে যাচ্ছিল।

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরদিন (রোববার) তিনি ওই বিদ্যালয় পরিদর্শন করেন এবং আহত শিক্ষার্থীদের বাসায় গিয়ে দেখে আসেন বলে জানান।

ঘটনার দিনই বিকালে স্কুল ম্যানেজিং কমিটি তার সঙ্গে আলাপ করে সুমন মিয়ার নিয়োগের চুক্তি বাতিল করেছে বলেও শিক্ষা কর্মকর্তা জানান।  

এক অভিভাবক মলকুত বেগম বলেন, এ ঘটনায় আহত শিক্ষার্থী লিজা আক্তার, রাশেদা আক্তার, শর্মিলা বেগম ও নুরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে এখন সুস্থ হলেও তাদের মধ্যে ভয় এখনও রয়ে গেছে।

আলিশার কুল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা আছিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই তারা শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। দপ্তরিকে বরখাস্ত করেছেন।

ঘটনার পর দুই দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম হলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।