২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাঙ্গাইল-জামালপুরে’ জ্বালানি সরবরাহ বন্ধ

জামালপুরে পুলিশ ট্যাংকলরিসহ চালককে আটকের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর দুপুরে প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে কর্মসূচি শিথিল করে শুধু পূর্বাঞ্চলের জেলা টাঙ্গাইল ও জামালপুরে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। আটক লরিচালক সাইফুল ইসলামের মুক্তির দাবিতে বুধবার সকাল থেকেই এ কর্মসূচি পালিত হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 07:11 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জানান, হয়রানি করার জন্য মঙ্গলবার রাতে চালক সাইফুল ইসলামকে লরিসহ জামালপুর সদর থানা পুলিশ আটক করে।

“তার মুক্তির জন্য পুলিশকে বারবার তাগিদ দেওয়া হলেও তারা কোনো তোয়াক্কা করেনি। তাই বুধবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে।”

এ কারণে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ টাঙ্গাইল ও জামালপুর জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। দুপুরে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে আলোচনার পর উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি সরবরাহ চালু করা হলেও টাঙ্গাইল ও জামালপুরে সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান তিনি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেন, “এই বোরো মৌসুমে উত্তরাঞ্চলে তেল সরবরাহ নিশ্চিত করতে আন্দোলনকারী লরি শ্রমিকদের সাথে বৈঠকের পর শ্রমিকরা আন্দোলন শিথিল করায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।” 

বাঘাবাড়ি যমুনা ওয়েল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আজিজ জানান, সকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে তেল সরবরাহ বন্ধ ছিল। দুপুরের বৈঠকের পর পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানির বাঘাবাড়ি ডিপোগুলো সচল হতে শুরু করেছে।